বেইলি রোডে আগুন: উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেইলি রোডে আগুন: উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৪, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ নিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে আইজিপি, রাজউক, ফায়ার সার্ভিস ও বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সামনে দৃশ্যমান করে নোটিশ ঝুলে রাখতে ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন আদালত।

সোমবার (৪ মার্চ) এ বিষয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেন। এছাড়া রুফটপ রেস্টুরেন্টগুলো পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় তিনজন ব্যক্তি ও একটি আবাসন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গতকাল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান সান্ত্বনা। রিটে প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে রিটে সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আর আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাজধানীর বেইলি রোডসহ সকল আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এছাড়া বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (রাজউক), ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

একইদিন আসক, ব্লাস্ট ও বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত তানজিনা নওরিনের পরিবারের এক সদস্য পৃথক আরেকটি রিট করেন।