পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটার সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেনিয়েবারের কাছে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে যায়। নদীতে তলিয়ে যায় বাসটি।
মালির সরকার জানিয়েছে, কেনিয়েবা শহর থেকে বুর্কিনা ফাসো যাচ্ছিল বাসটি। পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতুতে বাসটি উল্টে পড়ে যায়। বাসটিতে থাকা ৩১ যাত্রী নিহত হয়েছেন। আহত ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। মালির পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
পশ্চিম আফ্রিকাতে প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে গণপরিবহনে অত্যাধিক যাত্রী নেওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। চলতি মাসের শুরুতে রাজধানী বামাকোর দিকে যাওয়ার সময় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন মারা যান। আহত হয়েছিলেন ৪৬ জন।
