যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে রুমমেটকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, টেলিভিশনের রিমোট নিয়ে বিবাদের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী ডোমোনিক স্কট হেইস ও ৩৮ বছর বয়সী রিচার্ড বেনাফ একসঙ্গে থাকতেন। গত ১০ জানুয়ারি বেনাফ লিভিং রুমের সোফায় ঘুমাচ্ছিলেন। এ সময় স্কট রান্নাঘরে ‘প্রচুর শব্দ করে’ তাকে জাগিয়ে তোলেন এবং বারবার তার কাছে রিমোট কোথায় জানতে চান।
আদালতের নথিতে বলা হয়, বেনাফ জানিয়েছেন তিনি তার কম্বল সরিয়ে দেখেন পান স্কট দুটি ছুরি হাতে দাঁড়িয়ে আছেন। স্কট তাকে বলেছিলেন, তিনি কিছু করবেন না কিন্তু সামনে আগাতে শুরু করেছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি স্কটকে গুলি করেন। পুলিশ স্কটের শোবার ঘরে একাধিক বুলেটের চিহ্ন পেয়েছে।
প্রিন্স জর্জ কাউন্টি পুলিশ জানিয়েছে, দুপুরে গোলাগুলি খবর পেয়ে স্প্রিংডেলের বেরিউড লেনের ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে স্কটকে মৃত অবস্থায় পায়। তবে ততক্ষণে ছয় ঘণ্টা পেরিয়ে গেছে। ঘটনাটি ঘটেছিল ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে। এ ঘটনায় বন্দুকের মালিকানা হারিয়েছেন বেনাফ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।



