আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল - জনবার্তা
ঢাকা, , |

আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৯, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হলে তার জামিন চেয়ে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল শুরু করে।

দুপুর ২ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মির্জা ফখরুলের গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদাল জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন নামঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়েছে।