বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকেই তার সব দায়-দায়িত্ব বহন করতে হবে। সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে এক অনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি হয়। বেলা ১১টায় অনশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে চলমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অনশনে সংহতি জানানোর উদ্দেশ্যে রওনা হন সমমনা জোটের নেতারা।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’
এই নেতা বলেন, ‘এই সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, হামলা-মামলা, দমন-পীড়ন করে এক দফার চলমান আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে। তাই সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।’
সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। দেশবাসী আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।’
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় অনশনে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বক্তব্য দেন।
