প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য ডা. মুরাদের ক্ষমা প্রার্থনা - জনবার্তা
ঢাকা, , |

প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য ডা. মুরাদের ক্ষমা প্রার্থনা

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ওই আবেদনে তিনি ক্ষমা চেয়ে আওয়ামী লীগের সব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী সাখাওয়াত আলম মুকুল। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ডা. মুরাদ হাসানের আবেদন তিনি (মুকুল) নিজে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে জমা দেন এবং তা গ্রহণ করা হয়।

আবেদনে ডা. মুরাদ হাসান উল্লেখ করেছেন, তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার মহান মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

আবেদনে আওয়ামী লীগের সভাপতির সম্মানহানি হয়—এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করেন ডা. মুরাদ।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমা চেয়ে সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের আবেদন

এক চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত বছরের ৭ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন মুরাদ হাসান। একই দিন তাঁকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।