৪৩৪ আসনের চূড়ান্ত ফল, একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদির দল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৩৪ আসনের চূড়ান্ত ফল, একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদির দল

জনবার্তা প্রতিবেদন
জুন ৪, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা প্রায় সমাপ্তির পথে চলে এসেছে। ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৪৩৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, জনতা দল (জেডি-ইউ) ১১টি, ডিএমকে আটটি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) আটটি, শিবসেনা (উদ্ভব) ছয়টি, শিবসেনা (এসএইচএস) ছয়টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) চারটি ও সিপিআই (এম) চারটি আসনে জয় পেয়েছে।

আম আদমি পার্টি, ওয়াইএসআরসিপি ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) তিনটি করে আসন পেয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট–লেনিনিস্ট) (লিবারেশন)–সিপিআই (এমএল) (এল), জনতা দল (জেডি-এস), জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), রাষ্ট্রীয় লোক দল (আরএলডি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) দুটি করে আসনে জয় পেয়েছে।

এছাড়া কয়েকটি দল একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন ছয়জন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এনডিএ জোটের শরিকদের প্রধান অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল-ইউনাইটেড (জেডি–ইউ)।

এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ শরিকের ওপরে নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, বিহারে লোক জনশক্তি পার্টি এবং উত্তর প্রদেশের রাষ্ট্রীয় লোক দল।

গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা তার চেয়ে কম থাকে।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে।