সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ না করার রায় অনুসরণের নির্দেশ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ না করার রায় অনুসরণের নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩০, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপির ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

গতকাল মঙ্গলবার সকালে আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে নাহিদ সুলতানা যুথি আবেদনটি করেন।

যে সাত আইনজীবীর বিরুদ্ধে আবেদন করা হয়েছে তারা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

আজ সেই আবেদনের শুনানির জন্য দিন নির্ধারণ ছিল। শুনানি করতে গেলে শুরুতেই প্রধান বিচারপতি বলেন, অবকাশের ছুটির পর এ আবেদনের শুনানি করা হবে। পরে ১৯ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।