সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা শহরের উচ্চমাত্রার বায়ুদূষণ পিছু ছাড়ছে না। প্রায় প্রতিদিনই বায়ুদুষণের তালিকায় ঢাকার নাম শীর্ষ দশেই থাকে। এর মধ্যে কয়েকবার শীর্ষস্থানে ছিল বাংলাদেশের রাজধানীর নাম। বায়ুর মানের অবনতি হয়ে সোমবার (১১ ডিসেম্বর) সকালেই তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‌্যাঙ্কিং অনুযায়ী, সকাল সাড়ে আটটায় আইকিউএয়ার সূচকে ৩২১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে ঢাকা। অর্থাৎ ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। কুয়েতের শহরটির স্কোর হচ্ছে ২২৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘ খুবই অস্বাস্থ্যকর’।

বসনিয়ার সারায়েভো ২২২ স্কোর নিয়ে তৃতীয়, পাকিস্তানের লাহোর ২১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি ২০৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

গতকাল রোববার (১০ ডিসেম্বর) সকালেও রাজধানী ঢাকা দূষণ তালিকায় ১ নম্বরে ছিল।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো না কি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে এটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।

র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০০ এর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।