রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ঘোষিত তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সম্বলিত একটি করে প্ল্যা-কার্ড ঝুলিয়ে দেন তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন সানিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলানো হয়। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আজ ক্যাম্পাসে বিক্ষোভেরও পরিকল্পনা আছে আমাদের।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে তালা দিয়েছে। আমি এখন ক্যাম্পাসে ঢুকছি এবং বিষয়টি দেখছি।