যাদের দেশপ্রেম আছে, তারা জনগণের টাকা চুরি করে না: ডা. শফিকুর রহমান - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাদের দেশপ্রেম আছে, তারা জনগণের টাকা চুরি করে না: ডা. শফিকুর রহমান

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৫, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যাদের দেশপ্রেম আছে, তারা দেশের জনগণের টাকা চুরি করে না।’

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে গোর-এ-শহীদ ময়দান বড় মাঠে জামায়াতে ইসলামী’র আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা বলতেন, গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা কী করছেন? রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই উপহার দিয়েছেন। তারা ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিযোগিতার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের ওপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরতেন, এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হত।’

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ‘আমরা বলেছি, যতগুলো খুন হয়েছে, সবগুলোর বিচার হতে হবে। খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজি, ঘুষখোরদের বিচার না হলে তা বন্ধ হবে না।’

‘আমরা চাই ন্যায়বিচারের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হোক। আইন নিজের হাতে না নিয়ে, আইন আইনের গতিতে চলবে,’ যোগ করেন তিনি।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন।