মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না: আমীর খসরু - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না: আমীর খসরু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনওই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।

বিএনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।