ভি‌সির পদত্যাগসহ ৬ দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভি‌সির পদত্যাগসহ ৬ দফা দাবিতে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার শিক্ষার্থীরা ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েট উপাচার্য এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এ‌দি‌কে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে সকাল থেকেই অনেক শিক্ষার্থী হল ত্যাগ করতে শুরু করেছে। ক্যাম্পাসের বাইরে বিভিন্ন বাসা বাড়িতে যারা ভাড়া রয়েছেন তাদের ভিতর ভয় এবং আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিভাবকরা রয়েছেন উদ্বিগ্ন।

এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

এ‌দি‌কে ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম নিয়মিত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতির কারণে তা স্থ‌গিত ক‌রে আজ বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মেডিকেল সেন্টার অবরুদ্ধ থাকায় অনলাইনে তিনি সিন্ডিকেট সভায় যোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রারের কাজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।