বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশটিতে ছুটি থাকায় সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে যাত্রী পারাপার।

এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধীর) ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে চলবে আমদানি-রপ্তানি বাণিজ্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।