বিরোধী দল কে হবে, সিদ্ধান্ত আসে সরকারি দলের কার্যালয় থেকে: শমসের মুবিন - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দল কে হবে, সিদ্ধান্ত আসে সরকারি দলের কার্যালয় থেকে: শমসের মুবিন

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংসদের বিরোধী দল, দলের নেতা-উপনেতা কে হবেন সেই সিদ্ধান্ত সরকারি দলের কার্যালয় থেকে আসে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শমসের মুবিন চৌধুরী বলেন, ‘সংসদের বিরোধী দল, দলের নেতা-উপনেতা কে হবেন, সিদ্ধান্ত আসে সরকারি দলের কার্যালয় থেকে। নির্বাচনের আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারী জেল থেকে মুক্তি পেয়ে আওয়ামী লীগে চলে যায়।’

আন্দোলনের অংশ হিসেবে তৃণমূল বিএনপি পরের নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে শমসের মুবিন বলেন, ‘কোনো দল রাতারাতি নির্বাচনে জয়লাভ করে না। যেহেতু তৃণমূল বিএনপি নির্বাচনমুখী, আমরা ভবিষ্যতে নির্বাচনে যাব। আমরা নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করব। আমরা আগামী যুগের দিকে, আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আছি। আমরা সুস্থ রাজনীতি প্রতিষ্ঠান করতে চাই।’

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ, যুগ্ম মহাসচিব রোকসানা আমিন সুরমা, কৃষক-শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হকসহ আরও অনেকে।