বিদ্যুৎহীন পুরো গাজা, ‘কবরস্থানে’ পরিণত হচ্ছে হাসপাতাল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎহীন পুরো গাজা, ‘কবরস্থানে’ পরিণত হচ্ছে হাসপাতাল

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানির অভাবে গতকাল বুধবার গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। ফলে ২৩ লাখ মানুষের এই অঞ্চল এখন পুরোপুরি বিদ্যুৎহীন। এমন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস সতর্ক করে বলেছে, বিদ্যুতের অভাবে হাসপাতালের যন্ত্রপাতি বন্ধ হয়ে গেছে। এ জন্য গাজার হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হচ্ছে।

হামাসের নজিরবিহীন হামলার জবাবে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মুহুর্মুহু বোমা হামলায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও কর্মী ও সরঞ্জাম সংকটে ভুগছে গাজা।

এর আগে শনিবার হামাসের হামলার পর সোমবার গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েল। এর অংশ হিসেবে তারা সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

এরপর বুধবার গাজা বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধানের বরাত দিয়ে নিউজ চ্যানেল আলজাজিরা মুবাশ্বের জানায়, বুধবার দুপুর ২টার দিকে গাজা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে এই অঞ্চলের ইন্টারনেট, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।