বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় বিএনপির সাতজন নেতাকর্মী আহত হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েল, বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, বিএনপির নওদাবাস ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদ ফেরদৌস জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য লিফলেট বিতরণের প্রস্তুতি নেয় উপজেলা বিএনপি। উপজেলা পরিষদের প্রবেশদ্বারের সামনে লিফলেট বিতরণের এক পর্যায়ে বক্তৃতা শুরু করেন বিএনপি নেতারা। বক্তৃতা চলাকালীন সময়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে বেধড়ক লাঠিপেটা শুরু করে। এতে বিএনপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে হাতীবান্ধা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিটিং করছিল। জনসাধারণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জনের স্বার্থে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।