রাজধানীর গুলশান থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ, মেজর (অব.) মো. হানিফকে আটজনকে বিভিন্ন মেয়াদে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।
এর আগে, গত রোববার যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানার মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকের সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং আক্রমণ করেন। এ সময় রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলার বিচার চলাকালীন সময়ে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গত ৫ নভেম্বর টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
