বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কথা সংবিধানের কোথাও লেখা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।
শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
ফারুক খান বলেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে তা সংবিধানের কোথাও নেই। এছাড়া পৃথিবীর কোনো আইনেও নেই। যাদের ক্যাপাসিটি নেই, জনসমর্থন নেই, জনগণের প্রতি যাদের আস্থা নেই তারা তো নির্বাচনে আসবেই না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের নির্বাচন আয়োজনের পরিবেশ সুষ্ঠু আছে। বিদ্যমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হতে কোনো বাধা নেই।
নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোকে জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আজ সকালে ২২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও নয়টি দল অংশ নেয়নি। বাকি ১৩ দলের সঙ্গে ইসি বৈঠকে বসে। তাদের মধ্যে আওয়ামী লীগও আছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
