বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফিলিস্তিনের পতাকা, আটক ৪ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফিলিস্তিনের পতাকা, আটক ৪

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ইডেন গার্ডেন স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ ম্যাচে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় চার দর্শককে আটক করেছে কলকাতা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে তাদের আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে দুজন ঝাড়খণ্ড ‍ও একজন কলকাতার ইকবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা।

ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানান, আটক চারজনের দুজনকে ৬ নম্বর গেটের কাছ থেকে এবং অপর দুজনকে ব্লক জি১০-এর কাছ থেকে আটক করা হয়েছে। আমরা তাদের উদ্দেশ্য খোঁজ করছি।

তিনি জানান, ময়দান থানা পুলিশের কাছ থেকে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামে অবস্থানরত পুলিশ সদস্যরা প্রথমে বুঝতে পারেননি, বিক্ষোভকারীরা কী করছে। তারপর তারা ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তাদের আটক করা হয়। তবে তারা কোনো স্লোগান দেননি।’

কলকাতা পুলিশের সূত্র জানিয়েছে, আটক চারজনের বয়স ২০ বছরের কাছাকাছি। তারা গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।