বরিশালে ডেঙ্গুজ্বরে দুই নারীসহ তিনজনের মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুজ্বরে দুই নারীসহ তিনজনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হলো।

নিহতরা হলেন বানারীপাড়া উপজেলার পেয়ারা (৭০), পিরোজপুরের নাজিরপুরের মততা (৬০) ও ভোলার বোরহানউদ্দিনের তারিকুল ইসলাম (৬৫)। এদের মধ্যে পেয়ারা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে, মমতা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারিকুল বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) বরিশালে নতুন করে আরও ৪৫৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১২শ ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৮ জন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৬১ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ১২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮৪ জন, পটুয়াখালীতে ৪৫ জন, ভোলায় ৪৯ জন, পিরোজপুরে ৬৪, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৯ হাজার ৬৩৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩৩৪ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৭৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।