ফেসবুকে লেখালেখি করা নিয়ে এক তরুণকে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে লেখালেখি করা নিয়ে এক তরুণকে হত্যা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুকে লেখালেখি করার ঘটনায় এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল করিম নাঈম (২১) পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে। সে এবছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, গতকাল বিকালে ফেসবুকে লেখালেখি করা নিয়ে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।