ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ আরও দুইজনের মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ আরও দুইজনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১০ জনে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার আফসারের স্ত্রী রাহিমন (৬০) ও মধুখালীর আলমপুর এলাকার মিনহাজের সাত মাস বয়সী শিশুপুত্র ইরফান।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত দুই-আড়াই মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১০ জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১০৩ জন। বাকি ৭ জন ফরিদপুর জেনারেল হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।