পুলিশ চাবি না দেওয়ায় তালা ভেঙে কার্যালয়ে ঢুকতে হয়েছে: রিজভী - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ চাবি না দেওয়ায় তালা ভেঙে কার্যালয়ে ঢুকতে হয়েছে: রিজভী

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১১, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুই মাস ১৩ দিন পর বৃহস্পতিবার সকালে তালা ভেঙে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বন্ধ গেট খুলেছে বিএনপির নেতাকর্মীরা। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কিছু নেতাকর্মী সকাল ১০টা ৪২ মিনিটে কার্যালয়ের বন্ধ গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। নেতাকর্মীরা সরকারবিরোধী নানা শ্লোগান দিতে থাকে।

এ সময় রিজভী বলেন, ‘আমাদের যুবদলের একজন নেতা ও একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের তাণ্ডব শুরু হয়। গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ এক নারকীয় তাণ্ডব চালিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। দুই মাসের অধিক সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি। এর পাশাপাশি ভিড়লেও তাদেরকে আটক করে নিয়ে গেছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘পুলিশ এই কার্যালয়ের চাবি নিয়ে যায়। কত নাটক করেছে। তারপর গেইট বন্ধ করে দিয়ে চলে যায়। সবই গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন… জানেন। আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদের চাবি দেওয়া হয়নি। পরে আমরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করি।’

তালা ভাঙার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সেদিনের তাণ্ডবের পর আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে তালা লাগিয়ে পুলিশ চাবিয়ে নিয়ে যায়। এরপর কত নাটক ওরা করেছে। আমরা পুলিশের কাছে চাবি চেয়েছিলাম। সেটা তারা দেয়নি।’

অবশ্য এর আগে একাধিকবার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ে যেতে কোনো বাধা নেই। রিজভী বলেন, দেশের একটি নিয়মতান্ত্রিক কার্যকর রাজনৈতিক দল বিএনপি। এই দল বার বার রাষ্ট্র পরিচালনা করেছে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে। সেই দলের প্রধান কার্যালয় একটি মাফিয়াতন্ত্র, একটি মাফিয়া সরকার বন্ধ করে রেখেছে। সুতরাং পুলিশ চাবি না দেওয়াতে তালা ভেঙে আমরা ঢুকেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা দেখেছেন পুরো কার্যালয় কি ভয়ংকর ধুলোবালি জমেছে। এটা এখন আমাদের পরিষ্কার করতে হবে। বিকেল তিনটায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন। নিজেদের জয়, নিজেদের পরাজয় এককভাবে ওদের নিজের জয়।’

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দেখা গেছে, পুরো কার্যালয় ধুলোবালির স্তুপ জমেছে। কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষগুলো এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, কাজগপত্র, পত্রিকা প্রভৃতি।

গত ২৮ অক্টোবর দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কার্যালয়টিতে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকে সিআইডির ‘ক্রাইম সিন’ স্টিকার লাগিয়ে কার্যালয়ের সামনে সকলের প্রবেশ বন্ধ করে রাখে এবং এখান থেকে তারা ১১ টি আলামত সংগ্রহ করে।