পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর শপথ নিলেন কাকার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর শপথ নিলেন কাকার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের ৮ম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বেলুচিস্তান প্রদেশের সাবেক সিনেটর আনোয়ার-উল-হক কাকার। সোমবার ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ গ্রহণ করেছেন তিনি। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সাবেক মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎকার করেছেন দেশটির নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকা। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে এখন তার প্রথম কাজ হবে নির্বাচনের সময় দেশ পরিচালনার জন্য মন্ত্রিসভা গঠন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দফায় দফায় বৈঠক এবং এই পদের জন্য সম্ভাব্য পছন্দের প্রার্থীদের সম্পর্কে কয়েক দিনের জল্পনা-কল্পনার পর শনিবার কাকারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।