পশ্চিমবঙ্গের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বহু - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বহু

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার (২৭ আগস্ট) সকালে জেলার বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ গ্রামের একটি কারখানা এই বিস্ফোরণ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে বলে জানা যাচ্ছে।

স্থানীয়দের মতে, এখন অবধি দগ্ধ অবস্থায় ৭ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। তবে মৃতের সংখ্যা ১২ জনের বেশি হতে পারে।

জানা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল, যে কংক্রিটের বাড়িটি সম্পূর্ণ ধসে পড়েছে। কোথাও ৫০ মিটার, কোথাও আবার ১০০ মিটার দূরে ছিটকে পড়েছে দগ্ধ দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এরপর ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারে নামেন তারা। ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কাজে যোগ দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরাও।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে চলছিল আতশবাজি কারখানাটি। বহুবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। পুলিশ সদস্যদের সামনে পেয়েই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয়রা।

এর আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে ১৬ মে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামের আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। সে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায় অর্থাৎ ২১ মে কলকাতা সংলগ্ন বজবজের একটি বাড়িতে আতশবাজি বিস্ফোরণ ঘটে।