দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনের নেতারা বলছেন, বর্তমান সরকার অবৈধ নির্বাচনকে জায়েজ করার জন্য সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার মতো লোককে নির্বাচনে নামিয়েছে। যাতে করে বাংলাদেশের মানুষের মনে একটু আবেগ কাজ করে। এই আবেগকে কাজে লাগিয়ে তারাও নির্বাচনকে বৈধ করার চেষ্টা করছে।
শুক্রবার (৫ জানুয়ারি) পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। একতরফা ডামি নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণমিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, তারা (সাকিব-মুর্তজা) যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন, তাহলে তারা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতেন না। এই সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরকে এই সরকার কলুষিত করেছে।
আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনুসকে গত ১ জানুয়ারিতে এ সরকার মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে ছয় মাসের সাজা দিয়েছে। সারা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ফরমায়েশি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ৭ তারিখে নির্বাচন জনগণকে বয়কট ও বর্জন করার আহ্বান জানাচ্ছি।
