অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হয়েছে এবারের নারীদের ফুটবল বিশ্বকাপ। বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে ৩২ দেশের লড়াই শেষে গতকাল ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। দুই দলই প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের সামনে দাঁড়িয়েছিল। অস্ট্রেলিয়ায় হাইভোল্টেজ শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এই জয়ে নারীদের ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো স্প্যানিশরা। কিন্তু আনন্দে মাতোয়ারা হওয়ার দিনে বিষাদে পরিণত হল ওলগা কারমোনার বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস।
স্প্যানিশ অধিনায়কের করা এক মাত্র গোলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দেশের হয়ে ইতিহাস রচনার দিনে কারমোনা শুনতে পান, তাঁর বাবা মারা গেছেন। কারমোনার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ।
সিডনিতে ইংলিশদের হতাশ করে ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলটি করেন অধিনায়ক কারমোনা। এই গোলের উদযাপন থেকে শুরু করে শিরোপার উল্লাস দীর্ঘস্থায়ী হতে পারেনি।
ট্রফি নিয়ে উদযাপন শেষে সবচেয়ে বড় মৃত্যুসংবাদটি শুনতে পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরএফইএফের বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘বিশ্বকাপ ফাইনালের পর কারমোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা ওলগা ও তাঁর পরিবারের এই বেদনাদায়ক সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমায় ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’
আজ নিজ দেশে ফিরবে স্পেন। দেশবাসীর জন্য আনন্দ উল্লাসের মুহূর্ত হলেও যার জন্য বিশ্বকাপ আসল স্প্যানিশদের দরজায় সেই কারমোনার জন্য এ যেন এক অন্যরকম বিষাদের দিন।
