নাশকতার মামলা : এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ জনের কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, , |

নাশকতার মামলা : এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ জনের কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ ৭৫ জনকে আলাদা তিনটি ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন।

এদিন কারাগারে আটক থাকা জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

তবে, অন্য ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না উল্লেখ করেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ৭৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।