দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। দুনিয়ার বুকে এমন কোনো জাতি নাই যারা বিভক্ত হয়ে মর্যাদা লাভ করতে পেরেছে। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত শক্ত হাতে রুখে দিবে। আমাদের এখন দরকার জাতীয় ঐক্য।

রোববার দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এই দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের অবস্থা কেন এমন হলো। এর কারণ হচ্ছে যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের কারণে। তারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন। বিগত ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাও পালিয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক এক করে শীর্ষ ১১ জন নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি।

জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। ৫ আগস্টের পরে শুধু জামায়াতে ইসলামের নয় পুরো বাংলাদেশের মানুষের মুক্তির সাথে স্বাধীনতা অর্জন হয়েছে।

জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জেলার সেক্রেটারি জেনারেল ড. মুহাদ্দিস এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।