তিন বছর পর জুভেন্টাসের ঘরে শিরোপা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর জুভেন্টাসের ঘরে শিরোপা

জনবার্তা প্রতিবেদন
মে ১৬, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইতালিয়ান ক্লাব ফুটবলে টানা এক দশক একচেটিয়া দাপট দেখিয়েছে জুভেন্টাস। কয়েক বছর আগে তুরিনের বুড়িদের আধিপত্য গুঁড়িয়ে দেয় মিলান জায়ান্টরা। দুই মিলানের পর সিরি’এ লিগ জেতে নাপোলি। দেশটির অন্য টুর্নামেন্ট কোপা ইতালিয়াতেও সুবিধা করতে পারছিল না সাদা-কালো শিবির।

তিন বছর পর অবশেষে ট্রফির দেখা পেল জুভেন্টাস। বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে উৎসবে মেতে ওঠে তুরিনের বুড়িরা। টুর্নামেন্টে এটা তাদের ১৫তম (সর্বোচ্চ) শিরোপা। সবশেষ তিন বছর আগে এই ট্রফি জিতেছিল জুভরা।

সিরি’এ লিগে টানা নয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর থামে জুভেন্টাস। এরপর থেকেই ছন্দপতনের শুরু। উত্থান-পতনের মধ্য দিয়ে চলা তুরিনের বুড়িরা সুদিন ফেরানোর ইঙ্গিত দিলো কোপা ইতালিয়া জিতে। এএস রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন দুসান ভ্লাহোভিচ।

সেটিও ম্যাচ শুরুর দিকে। চার মিনিটে। আন্দ্রে ক্যাম্বিয়াসোর কাছ থেকে বল পেয়ে ১২ গজ দূর থেকে শট নিয়ে আটালান্টার জালে বল জড়ান ভ্লাহোভিচ। এরপর বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। অন্যদিকে সমতায় ফিরতে পারেনি আটালান্টাও।

ঠিক তিন বছর আগের ফাইনালেও এই জুভেন্টাসের কাছে ২-১ গোলে শিরোপা হাতছোঁয়া দূরত্বে রেখে দিয়েছিল আটালান্টা। এবারও ন্যূনতম ব্যবধানে হারল তারা। প্রতিযোগিতায় এ নিয়ে টানা পাঁচটি ফাইনাল হারের দুঃখ সঙ্গী হলো তাদের আটালান্টা। ১৯৬৩ সালে প্রথম ও শেষবারের মতো কোপা ইতালিয়া জিতেছিল দলটি। ফাইনালে তাদের হার ১৯৮৭, ১৯৯৬, ২০১৯, ২০২১ ও ২০২৪।

টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল জুভেন্টাস। ১৫বার ট্রফি জিতেছে তারা। রোমা এবং ইন্টার মিলান দুই দলই সমান নয়বার করে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের পেছনে আছে যথাক্রমে লাৎসিও (৭), ফিওরেন্টিনা (৬), নাপোলি (৬), এসি মিলান (৫), তুরিনো (৫), সাম্পদোরিয়া (৪), পার্মা (৩) ও বোলোনা (২)। এ ছাড়া পাঁচটি দল একবার করে ট্রফি জিতেছে।