তিন বছরের দণ্ডের মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরের দণ্ডের মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিন বছরের কারাদণ্ডের মামলাটিতে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিন চেয়ে আবেদন করেন। গত ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সাহেদের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হলেও ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় এ দণ্ড দেওয়া হয়। তবে ২৭ (১) ধারায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার জন্য কারাগারে থাকা সাহেদকে এদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আপিল করেন। ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।