তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি

জনবার্তা প্রতিবেদন
জুন ৩, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি তারা কোনোভাবেই সমর্থন করেন না।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি ইন এডভান্স বলি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি—আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকাল সরকারের অধীনে চাই না। আর এতে জাতীয় ঐকমত্যও হয়নি কখনো।”

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের যে প্রস্তাব রয়েছে, তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির অবস্থান হলো এই মেয়াদ তিন মাস হওয়া উচিত।

তিনি প্রশ্ন রেখে বলেন, “চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব?” একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারে থাকা উচিত নয়।”

সংসদ সদস্যদের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “আস্থা ভোট, অর্থ এবং সংবিধান সংশোধনীর ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবে—এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন, “অর্থবিল, আস্থা বিল এবং সংবিধান সংশোধনীর বিষয়ে বিএনপি একমত। এর বাইরে আমাদের আরও একটি বিষয় আছে—জাতীয় নিরাপত্তা। সেটা আমরা উল্লেখ করব আমাদের ম্যানিফেস্টোতে।”

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল বা রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধাবস্থা হয় বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন শুধু সরকারি দল নয়, বিরোধী দল, এমনকি সংসদের বাইরে থাকা দলগুলোর প্রধানদেরও ডেকে ঐক্যমতের ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”

সংসদীয় স্থায়ী কমিটি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে—এ ধরনের প্রস্তাব বাস্তবতা বিবর্জিত।”