গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৯।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মশার লার্ভা নষ্ট করার জন্য জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
