জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া নিহত হয়েছেন। এছাড়া বিমানটিতে থাকা অন্য আরোহী সবাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত ২৯ সেপ্টেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ধনকুবের হারপালের ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।

রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। এছাড়াও খনিটি নিকেল ও তামা পরিশোধন করে। চার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতাও ছিলেন হরপাল।

প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে হরপাল, তার ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। খনিটির আংশিক মালিকানা ছিল হরপালের।

হরপালের ছেলে আমের একজন পাইলট । তবে বিধ্বস্তের দিন তিনি উড়োজাহাজটি চালাচ্ছিলেন না। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে।

হরপালের বন্ধু চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এ দুর্ঘটনা নিয়ে এক পোস্টে লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপাল ও তার ছেলেসহ ছজনের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।