জনগণ অতীতের নির্বাচনের পুনরাবৃত্তি চায় না : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণ অতীতের নির্বাচনের পুনরাবৃত্তি চায় না : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক ক্ষমতার পূর্ণমাত্রা প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে, অথচ রাজনীতিতে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। জনমনে শঙ্কা বিরাজ করছে।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, রাজনৈতিক দলসমূহের পরস্পর বিরোধ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে। ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। কেননা জনগণ নিকট অতীতের নির্বাচনসমূহের পুনরাবৃত্তি দেখতে চায় না।

তিনি বলেন, এই মুহূর্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই কমিশনের অন্যতম প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, নির্বাচনের পূর্বমুহূর্তে পরস্পর দোষারোপের রাজনীতির কারণে জনস্বার্থ ব্যাহত হবে। কোনো অরাজনৈতিক ও অনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র এক মুহূর্তের জন্যও নিরাপদ নয়। একমাত্র প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে। পণ্যসামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা হয়ে উঠেছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে ও মোহাম্মদ তরিকুল হাসান লিংকনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ফরিদ উদ্দীন।

এ ছাড়াও উপস্থিতি ছিলেন কাজী জসিম উদ্দিন, এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, এইচএম মুজিবুল হক শাকুর, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন হেলালী, এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মনির হোসাইন, আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, মোহাম্মদ তারেক হোসাইন, এএনএম ফখরুদ্দিন, জসিম উদ্দিন মাহমুদ, দেলোয়ার হোসেন ফয়সাল, আবু সায়িদ সাফিন প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন শেষে প্রত্যক্ষ ভোটে মোশাররফ হোসেন হেলালীকে সভাপতি, খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ তারেক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৫ সাংগঠনিক সেশনের জন্য ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগরীর কমিটি গঠন করা হয়।