ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এর দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। এর পর কেন্দ্রীয় সেক্রেটারি মনোনীত করা হয়। বিকেল সাড়ে ৩টা দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য সম্মেলনে নির্বাচন কমিশনার ও জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতির নাম ঘোষণার পর শিবিরের সাবেক নেতারা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, গান ও সংগীত পরিবেশন করেন।