ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাই: জামায়াত আমির - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাই: জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
জুন ৩, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, “জীবন বাজি রেখে যারা দেশে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাঁদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজমের অবসান। আজ ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম এখনো রয়ে গেছে জাতির ঘাড়ে। এই অন্ধকার থেকে বের হতে হলে গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন অপরিহার্য।” তাঁর দাবি, একটি ন্যায্য ও দায়বদ্ধ সরকার গঠনের জন্য এমন একটি নির্বাচন প্রয়োজন, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও নির্বাচনসহ জাতীয় রাজনীতিতে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকবে।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পর দীর্ঘদিন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও, সাম্প্রতিক সময়ের এক রায়ে দলটির নিবন্ধন পুনর্বহালের পথ সুগম হয়েছে। এই প্রেক্ষাপটেই দলটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।