গেল সাত মাসে গাজায় বর্বর হামলা চালিয়ে বেসামরিক নাগরিকসহ ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ এটিকে ‘গণহত্যা’ বললেও বিষয়টি স্বীকার করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মনে করেন— ইসরায়েল গাজায় কোনো ধরনের গণহত্যা চলছে না।
সোমবার হোয়াইট হাউসে ইহুদির একটি উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদ্যাপন অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমাকে স্পষ্ট করে বলতে দিন—আন্তর্জাতিক বিচার আদালতের ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে আমি বলতে চাই, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি (এই অভিযোগ) প্রত্যাখ্যান করি।’
এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান কর্তৃক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও দুই ইসরায়েলি কর্মকর্তার গ্রেফতারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন, আমরা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসিতে করা আবেদন প্রত্যাখ্যান করছি।’
রয়টার্স বলছে, হোয়াইট হাউসের ওই ইভেন্টে বাইডেন গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার কথা সামনে এনে ইসরায়েলকে ‘ভিকটিম’ বলে জোর দেন। তিনি বলেন, ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।
তিনি বলেন, ‘আমরা (হামাস নেতা ইয়াহিয়া) সিনওয়ার এবং হামাসের বাকী কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সাথে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আমরা ইসরায়েলের সাথে কাজ করছি যাতে হামাসকে পরাজিত করা যেতে পারে।’ সূত্র: রয়টার্স ও আনাদোলু এজেন্সি
