গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৩৭ হাজার ৪৩১ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৩৭ হাজার ৪৩১

জনবার্তা প্রতিবেদন
জুন ২১, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে আট মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪০১ জনে।

গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন ৮৫ হাজার ৬৫৩ জন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনেও এমনটা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৭ হাজার ৪৩১ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় পরিবারগুলোর বিরুদ্ধে চারটি ‘গণহত্যা’ চালিয়েছে এবং এতে ৩৫ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার দেশটির হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি হামলার কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়া হয়েছে। অবরুদ্ধ ভূখণ্ডটির বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।