জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন যে আপিল করেছিল তা প্রত্যাহারে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এতে বলা হয়েছে, আপিল মামলা পরিচালনা করতে তারা আগ্রহী নয়। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে এখন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এমন তথ্য জানান।
তিনি বলেন, আমরা আশা করছি খুব দ্রুতই গণসংগতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি। এ সময় জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।
এর আগে ২০২২ সালের ৬ জুন জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে নির্বাচন কমিশন (ইসি)।
ওইদিন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণসংহতি আন্দোলন ২০১৯ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধ ইসি আপিল দায়ের করে।
