বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জামিন দিয়েছেন চেম্বার আদালত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আসামি ক্যানসারের রোগী বিবেচনায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করেন সাবেরা আমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।
গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।
উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে। গত ২৭ আগস্ট বিশেষ জজ আদালত-১ এ পৌঁছে রায়ের অনুলিপি।
