কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, তবে জুলাই সনদ হতে হবে : তাহের - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, তবে জুলাই সনদ হতে হবে : তাহের

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনি পরিবেশ কেমন-তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে জামায়াত এরইমধ্যে মত দিয়েছে। এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে হওয়া উচিত।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে-একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।

তাহেরের মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ। নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবি জানান তিনি।

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে, তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।