কৃষক হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কৃষক হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গাছ বিক্রয় সংক্রান্ত বিরোধে হত্যা মামলায় ৪ ভাই, ১ বোন ও ভাবীসহ ৭জনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন।

এ সময় মামলার ১নং আসামি নজরুল বাদে অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে ও এক মেয়ে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪), চম্পা আক্তার (৪২), নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২)।

এছাড়া দণ্ডপ্রাপ্তদের আরেকজন হলেন একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমনায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর সহোদর ভাই-বোনদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে কৃষক রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে সহোদররা। পরে প্রতিবেশীরা গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। একইদিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৭ সালে ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন।