বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
শুধু মেসেজে পাঠানো নয়, ছবি, ভিডিও সব ক্ষেত্রেই অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হোয়াটসঅ্যাপ। সেই অ্যাপেই এবার আসছে নতুন ফিচার। বর্তমানে একটি ফোনে কেবল একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-ই ব্যবহার করা যায়। তবে আসন্ন ফিচারে একটি ফোন থেকেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার চাহিদা মিটবে।
নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে মেটা। এটি হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বেটা ভার্সন ২.২৩.১৮.২১ -তে পরীক্ষা করছে কোম্পানি।
ওয়াবেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।
উক্ত অ্যাকাউন্টের চ্যাট এবং নোটিফিকেশন আলাদা রাখা হবে এবং ইউজাররা সুইচ করে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আর থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না।
আলাদা ডিভাইসে গিয়ে আর বাড়তি অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। তবে সর্বোচ্চ কতগুলো অ্যাকাউন্ট যোগ করা যাবে তা এখনও স্পষ্ট নয়। ভবিষ্যতে অ্যাপ আপডেটের মাধ্যমে এই লিমিট বাড়াতে পারে হোয়াটসঅ্যাপ।
