এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্ট হওয়ার তারিখ ছিল। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার ৮টি পরীক্ষা স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার চার দিনের পরীক্ষা স্থগিত করার তথ্য দেন।

তপন কুমার জানান, আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নতুন করে চারটি পরীক্ষা স্থগিত হওয়ার আগে এসব পরীক্ষার বিষয়ে তপন কুমার সরকার জানান, আগামী ১১ আগস্টের পর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তারিখ জানানো হয়নি।

এর আগে গত ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছিল।

সেদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তারও আগে গত ১৫ জুলাই রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়েছিল।