ইমানদার, পরহেজগার ও ইসলামপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: আবু সাঈদ আল মাহমুদ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইমানদার, পরহেজগার ও ইসলামপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: আবু সাঈদ আল মাহমুদ

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

সভায় অতিথিদের জন্য মঞ্চ বানানো হলেও আবু সাঈদ আল মাহমুদসহ অতিথিরা সেখানে বসেননি। তাঁরা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে চটের বস্তায় বসেন। এ সময় তৃণমূলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবু সাঈদ আল মাহমুদ।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান দেওয়া বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দেশের কোথাও কোনো মসজিদে আজান তো বন্ধ হয়নি। এখন এমন ভ্রান্ত ধারণা অনেকটায় কেটে গেছে। তবে এখনো শতভাগ কাটেনি।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ

হুইপ আবু সাঈদ আল মাহমুদ
ফাইল ছবি

আবু সাঈদ আল মাহমুদ আরও বলেন, ‘পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে। কোনো মুসলিম রাষ্ট্রনায়ক রাষ্ট্রের টাকায় একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, তা ইসলামের ইতিহাসে পাওয়া যাবে না। সারা দেশে একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করা এমন ইমানদার, পরহেজগার ও ইসলামপ্রিয় রাষ্ট্রনায়ক একমাত্র শেখ হাসিনা। মসজিদে মসজিদে ইসলামি পাঠদানকেন্দ্র খুলে হুজুরদের প্রজেক্টের মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে, শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এটি সওয়াবের কাজ। এ কাজের উদ্যোক্তা শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার সাহাবা হিসেবে সবাই সওয়াবের ভাগীদার হব ইনশা আল্লাহ।’

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারেক রহমান বিশ্বচোর। তাঁর কারণে বিএনপির এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে।’

আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলীর সভাপতিত্বে সভায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির উপস্থিত ছিলেন। সভায় কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সভা শেষে নেতা-কর্মীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।