আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচার করছে : তথ্য প্রতিমন্ত্রী - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচার করছে : তথ্য প্রতিমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৪, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নাশকতাকারীদের সহযোগীদের বিভ্রান্তকর তথ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচার করছে। তাদের খবরে সরকারি প্রতিষ্ঠানে যে আক্রমণগুলো হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। সরকারের সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের আলোচনা ও এ ব্যাপারে যে সমাধান হয়ে গেছে তারও কোনো প্রতিফলন নেই।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আন্তর্জাতিক বিশ্বের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য দেশের সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।

এ আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়া এবং বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুনের বিষয়টি প্রতিরোধ করতে না পারার পেছনে কিংবা এ বিষয়ে তথ্য না পাওয়ার ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গাফিলতি ছিল কি না— এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রথম থেকেই এই আশঙ্কার কথা বলে আসছে। শেষ পর্যন্ত সরকারের কথাই তো সত্যি হলো। অথচ শিক্ষার্থীরা একটু ধৈর্য ধারণ করলেই আর দুর্বৃত্তরা এই সুযোগ পেত না। তারা যে ধৈর্য ধরল না, তার সুযোগ নিয়ে যে সন্ত্রাসীরা এই কাজ করল এই পরিস্থিতি সরকারের কাছে প্রত্যাশিত ছিল না। আমরা কেউ তা প্রত্যাশা করিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ জনপ্রশাসন বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবরা।