আত্মসমর্পণ করে জামিন চাইতে আদালতে বিএনপি নেতা আমান - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করে জামিন চাইতে আদালতে বিএনপি নেতা আমান

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমান আদালতে এসেছেন। ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আসেন তিনি। সেখানে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করার পর চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করবেন তিনি।

আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন তিনি।

এর আগে ৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।