অস্ট্রেলিয়ায় ২০ মার্কিন সেনাসহ সামরিক বিমান বিধ্বস্ত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ২০ মার্কিন সেনাসহ সামরিক বিমান বিধ্বস্ত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ায় ২০ জন মার্কিন সেনাসহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার সকালের দিকে বিমনাটি বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি অস্প্রি ভি-২২ পরিবহন বিমান। এটি ডারউইন শহর থেকে ৬০ কিলোমিটার দূরের মেলভিল আইল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও দুজন সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ট্রেলীয় সেনা ছিল না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘দুর্ঘটনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা।’ এর বেশি কোনো তথ্য দেয়নি তারা। তবে জানিয়েছে, বিস্তারিত তথ্য হাতে পাওয়ামাত্র তারা তা প্রকাশ করবে।